স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ড
কয়রায় চাঁদা না পেয়ে মৎস্য ঘের লুটপাট, ভাঙচুর
Advertisement
কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কয়রার বাগালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইকবাল হোসেনের বিরুদ্ধে জোরপূর্বক মৎস্য ঘের লুটপাট ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন একই ইউনিয়নের মৎস্যজীবী সামাদ শেখের ছেলে মোহাম্মদ আলী শেখ। অভিযোগে তিনি জানান, ইকবাল হোসেনের নেতৃত্বে ২০/২৫ জন অস্ত্র নিয়ে সোমবার সকালে তার মৎস্য ঘের লুটপাট করে এবং বাসা ভাঙচুর করে। এতে তার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে মোহাম্মদ আলী শেখ থানায় লিখিত অভিযোগ করেছেন। পূর্বশত্রুতার জেরে সে প্রায়ই তাদেরকে ক্ষতি করার চেষ্টা করে আসছে বলে জানায় মোহাম্মদ আলী শেখ। তিনি বলেন, ঐ মৎস্য ঘেরটি ভোগ দখল করতে ইকবাল হোসেন তার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। এতে রাজি না হওয়ায় তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। লুটপাটের খবর পেয়ে ঘেরে প্রবেশ করতে গেলে তাকে ও তার ভাই আব্দুল কাদেরকে এলোপাতাড়ি মারধর করা হয়। পরে তাদের চেঁচামেচিতে স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে। তবে ইকবাল হোসেন বলেন, আমি ঘটনার সঙ্গে কোনো প্রকার জড়িত না। খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি বলেন, ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওসি (তদন্ত) শাহ আলম বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
