বেগমগঞ্জে চাঁদা নিয়ে বিরোধে যুবক হত্যা
Advertisement
নোয়াখালী (উত্তর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর বেগমগঞ্জে শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের যুবক জুবায়ের হোসেন রাকিব হত্যার ঘটনায় করা মামলার ৩ নম্বর আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন ওসি মো. শামসুজ্জামান। গ্রেফতার সাইফুল একই গ্রামের আব্দুল মালেকের ছেলে। এর আগে সোমবার সকালে নিহতের মা যোবায়েদা খাতুন বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন। মামলায় স্থানীয় কিশোর গ্যাংয়ের প্রধান নিপুসহ ১০ জনের নাম উল্লেখ এবং আরও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। জানা যায়, রাকিবের চাচার বাড়িতে নির্মাণাধীন একটি ভবনের কাজ চলছিল। এ সময় আসামিরা সেখানে চাঁদা দাবি করে। বিষয়টি নিয়ে বিরোধের জেরে শনিবার রাত ৯টার দিকে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে রাকিব ও তার ছোট ভাইয়ের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা রড দিয়ে পিটিয়ে রাকিবকে হত্যা করে এবং তার ভাইকে আহত করে। ঘটনার পরদিন রোববার নিহতের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কয়েকজনের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এতে আটটি ঘর ক্ষতিগ্রস্ত হয়।
