মাদারগঞ্জে চালককে মারধরের জের
বাস চলাচল বন্ধ ভোগান্তিতে যাত্রীরা
Advertisement
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মাদারগঞ্জে চালককে মারধরের ঘটনায় ঢাকা-মাদারগঞ্জ দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। রোববার সন্ধ্যা থেকে মাদারগঞ্জ বাস টার্মিনাল থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। পরিবহণ শ্রমিকরা জানান, বাসচালককে মারধর ও একজনকে ধারালো ছুরি দিয়ে গুরুতর আহত করায় উপজেলার গুনারীতলা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক সোহেল রানাসহ অন্য আসামিদের গ্রেফতার না করার পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাবেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় রাজিব পরিবহণের একটি বাস উপজেলার জোড়খালীর এনপুর বাজারে পৌঁছালে পূর্বের বিরোধের জেরে কাউন্টার মাস্টার শফিকুল ইসলাম ও রহমতুল্লাহ বাসচালক মমিনুলকে মারধর করে। এ সময় উপজেলা ছাত্রদলের কর্মী বিজয় আহমেদ বাসটি ছেড়ে দেওয়ার অনুরোধ করলে গুনারীতলা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক সোহেল রানার সঙ্গে তার বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে বিজয়কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সোহেল। গুরুতর আহত বিজয়কে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। তার মাথায় ছয়টি ও হাতে ছয়টি সেলাই দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রতিবাদে শ্রমিকরা ধর্মঘট কর্মসূচি পালন করছেন। অভিযুক্ত সোহেলসহ অন্য আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় সিএনজিচালিত অটোরিকশার সংকট দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাস কাউন্টারে সুফিয়া আক্তার নামে এক যাত্রী বলেন, ঈদের ছুটি শেষে ঢাকায় যাওয়ার জন্য বাস কাউন্টারে এসে দেখি বাস বন্ধ। এখন বাড়িতে ফিরে যেতে হচ্ছে।
