কমলনগরে কবরস্থানের জমিতে জোর করে মাদ্রাসা নির্মাণের চেষ্টা
Advertisement
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কমলনগরে পারিবারিক কবরস্থানের জন্য নির্ধারিত জমিতে জোরপূর্বক গাছপালা কেটে মাদ্রাসা নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাইলারগোড়া সমাজের আবু তাহেরের বাড়িসংলগ্ন জমিতে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ১৫-২০টি রেইনট্রি গাছ কেটে সেখানে ‘দারুল হামদ প্রতিবন্ধী ইসলামিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা’ নামে একটি প্রতিষ্ঠানের ব্যানার টাঙিয়ে নির্মাণকাজ শুরুর চেষ্টা করা হয়। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার প্রার্থনা করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ওমর ফারুক। স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ চরমার্টিন মৌজার ২৩০৮নং খতিয়ানভুক্ত ১২ শতক জমি প্রায় তিন মাস আগে মূল মালিক আবদুল মান্নানের কাছ থেকে বায়না সূত্রে ক্রয় করেন স্থানীয় বাসিন্দা ওমর ফারুক। পরিবারের সদস্যদের জন্য কবরস্থান হিসাবে ব্যবহারের উদ্দেশ্যে জমিটি নির্ধারণ করা হয়েছিল বলে দাবি করা হচ্ছে।
অভিযোগ অনুযায়ী, গত সোমবার সকালে স্থানীয় ইসমাইল, কাশেম, মিজানসহ কয়েক ব্যক্তি লোকজন নিয়ে জমিতে প্রবেশ করে গাছ কেটে ফেলেন এবং সেখানে মাদ্রাসার ব্যানার স্থাপন করে নির্মাণকাজ শুরু করার উদ্যোগ নেন। এ বিষয়ে হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন বলেন, ফারুক নামে একজনের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় পক্ষকে মালিকানাসংক্রান্ত কাগজপত্র নিয়ে থানায় হাজির হতে বলা হয়েছে।
