লালপুরে কৃষকের ৯০০ পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
Advertisement
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
লালপুরে রাতের আঁধারে কৃষকের প্রায় ৯০০ পেঁপেগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৯ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক। মঙ্গলবার রাতের কোনো এক সময় উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পদ্মা চরের নওসারা সুলতানপুর এলাকায় এ অমানবিক ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক হচ্ছেন-ওই এলাকার মো. নাজিম উদ্দীনের ছেলে সুজন আলী ও নাজমুল আলী। বুধবার সকালে সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাগানের প্রায় ৯০০ পেঁপেগাছ কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। ফলসহ কেটে ফেলা গাছগুলো মাঠজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।
স্থানীয়রা জানান, আর মাত্র কিছুদিন পরই এসব পেঁপে বাজারে বিক্রি করার উপযোগী হয়ে উঠত। তার আগেই দুর্বৃত্তদের এমন কাণ্ড কৃষকের সব স্বপ্ন চুরমার করে দিয়েছে। স্থানীয় এক কৃষক বলেন, মানুষের সঙ্গে মানুষের বিরোধ থাকতে পারে, কিন্তু গাছের সঙ্গে শত্রুতা কেন? যারা এ ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি। যাতে ভবিষ্যতে আর কোনো কৃষক এ ধরনের ঘটনার শিকার না হন। ক্ষতিগ্রস্ত কৃষকের বড় ভাই রায়হান আলী বলেন, তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে এবং বিভিন্ন জায়গা থেকে ধারদেনা করে অন্যের জমি বর্গা নিয়ে এ পেঁপে বাগানটি গড়ে তুলেছিলেন। দুর্বৃত্তরা রাতের আঁধারে সব গাছ কেটে দিয়ে তাদের আয়ের একমাত্র উৎসটি ধ্বংস করে দিয়েছে। এতে তারা এখন নিঃস্ব ও দিশেহারা হয়ে পড়েছেন। থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
