টহল চলাকালে সশস্ত্র হামলা
বড়লেখায় ভারতীয় চোরাকারবারিদের গুলি বিজিবির
Advertisement
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মৌলভীবাজারের বড়লেখায় ভারতীয় চোরাকারবারিরা বিজিবির টহলবাহিনীর ওপর ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে হামলার চেষ্টা চালিয়েছে। এসময় বিজিবি দুই রাউন্ড গুলিবর্ষণ করে। এতে একজন ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১১টায় বড়লেখা উপজেলার ডিমাই সীমান্ত এলাকায়। এ ঘটনায় বড়লেখা সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি।
জানা গেছে, বিএসএফের পুশইন ঠেকাতে বড়লেখা সীমান্তে কয়েকদিন ধরে বিজিবি টহল জোরদার করেছে। স্থানীয় জনসাধারণের সহযোগিতায় বিজিবি বিএসএফের পুশইন প্রতিরোধ করছে। শনিবার রাতে বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন বিওসিটিলা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের ডিমাই এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। এসময় দুজন অজ্ঞাত ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবির টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এসময় অজ্ঞাত ব্যক্তিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিজিবির টহলদলের ওপর হামলার চেষ্টা চালায়। একপর্যায়ে বিজিবি সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলিবর্ষণ করে।
এতে একজন চোরাকারবারি আহত হয়। সে ও অন্যরা সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যায়।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।
