আতাইকুলায় ছাত্রীকে যৌন হয়রানি
বাড়িতে হামলা, আগুন
Advertisement
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আতাইকুলা থানার আড়িয়াডাঙ্গীর এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে মানববন্ধন, বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত ব্যক্তির ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িসহ কয়েকটি স্থাপনায় হামলা চালায়। জানা যায়, গত ১১ জুন স্কুল ছুটির পর সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী বাড়ি ফেরার পথে আড়িয়াডাঙ্গী বাজারে অভিযুক্ত আবুল কাশেম তাকে নিজের দোকানের ভেতরে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে ওই শিক্ষার্থী বিষয়টি তার পরিবারকে জানালে তার মা বাদী হয়ে আতাইকুলা থানায় মামলা করেন। রোববার বিদ্যালয় খোলার পর শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেন। এ সময় তারা অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান। এদিকে কর্মসূচি চলাকালে উত্তেজিত জনতা আড়িয়াডাঙ্গী বাজারে অভিযুক্তের মুদি দোকান এবং আরও একটি চায়ের দোকানে ভাঙচুর করে। অভিযুক্তের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
ওসি মজিবুর রহমান বলেন, ‘অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’
