মুরাদনগরের ভূমি কর্মকর্তার ওপর ডাকাতের হামলা
Advertisement
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান ডাকাত দলের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নিজ এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, রাতে নিজ এলাকায় অবস্থানকালে একদল সশস্ত্র ডাকাত আকস্মিকভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। জনপ্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসাবে সাকিব হাসান খান দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার ওপর এমন নৃশংস হামলার ঘটনায় প্রশাসনিক মহল, সহকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছে, একজন সরকারি কর্মকর্তার ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার জন্যও উদ্বেগের বিষয়। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্রশাসনিক ফোরামে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
