কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় নারীসহ তিনজন আহত
স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই
Advertisement
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কলাপাড়া পৌর শহরের বাদুরতলী এলাকার মো. আনিসুর রহমান নামে এক মুদি ব্যবসায়ীর দোকান এবং বাসায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে তার স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম সরদার, মুদি ব্যবসায়ী আনিসুর রহমান এবং তার স্ত্রী রোকসানা আক্তার। এ সময় মুদি ব্যবসায়ীর দোকানের ক্যাশ থেকে ১০ হাজার টাকা এবং ব্যবসা প্রতিষ্ঠান লাগোয়া তার বাসায় হামলা চালিয়ে একটি স্বর্ণের চেইন ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। হামলার সঙ্গে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নাইম এবং সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেনসহ ২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী জড়িত বলে এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান। মুদি ব্যবসায়ী আনিসুর রহমান জানান, ‘আমি দোকানে বসা ছিলাম। হঠাৎ ১৫-২০ জনের একদল সন্ত্রাসী ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম সরদারকে ধাওয়া দিলে তিনি দৌড়ে আমার দোকানে ঢুকে আশ্রয় নেন। এ সময় সন্ত্রাসীরা তাকে মারধর করে। তাকে রক্ষা করতে গেলে সন্ত্রাসীরা আমাকেও মারধর করে। একপর্যায়ে কালাম সরদার দৌড়ে আমার ঘরে গিয়ে আশ্রয় নেন। এ সময় সন্ত্রাসীরা তাকে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফের রড দিয়ে পিটিয়ে আহত করে। আমার স্ত্রী কালাম সরদারকে রক্ষা করার চেষ্টা করলে তাকেও মারধর করা হয়।’ থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, আহত নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
