আ.লীগ নেতাকে পুলিশ থেকে ছিনিয়ে নেওয়ায় মামলা
কালীগঞ্জে গ্রেফতার ৮
Advertisement
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা ও পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে কালীগঞ্জ থানার এসআই মনিরুজ্জামান জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুকে প্রধান আসামি করে মামলাটি করেন। এ ঘটনায় মঙ্গলবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন-ষাটবাড়িয়া এলাকার কাবিরুল ইসলাম নান্নু, আড়পাড়া এলাকার নওশের শেখ, তার ভাই আশরাফুল শেখ, ফয়লা এলাকার শেখ সৌরভ, সড়াবাড়িয়া এলাকার মাসুদ আলী, কাশিপুর এলাকার সবুজ হোসেন, আড়পাড়া এলাকার মোস্তাক আহমেদ লাভলু ও ছোট ঘিঘাটি এলাকার সাইদুর রহমান।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে শহরের আড়পাড়া এলাকার দলীয় অফিসে নেতাকর্মীরাসহ বসেছিলেন মোস্তাফিজুর রহমান বিজু। এ সময় পুলিশ এসে তাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর নেতাকর্মী ও এলাকাবাসী পুলিশের কাছ থেকে মোস্তাফিজকে ছিনিয়ে নেয়। ওসি জেল্লাল হোসেন জানান, এ ঘটনায় ৯ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আটকদের ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হয়েছে।
