রাজশাহীতে গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা
Advertisement
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীতে ফরিদা খাতুন (৪০) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তার স্বামী গ্রাম পুলিশ সদস্য লালন শেখ মামলা করেছেন। শনিবার সকালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাটাখালী থানায় এ মামলা করা হয়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান পূর্বপাড়া গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত ব্যক্তির বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। নিহত ফরিদার স্বামী লালন শেখ হরিয়ান ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ। ফরিদাকে রক্ষা করতে গিয়ে তার ছেলে ফয়সালও গুরুতর আহত হয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) সূত্রে জানা যায়, ফরিদা খাতুনকে মৃত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। আর তার ছেলে ফয়সালকেও আহত অবস্থায় ভর্তি করা হয়েছে। হরিয়ান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাবের আলী পালু জানান, লালন শেখের প্রতিবেশী বাবুর ছেলে পরশ (১৮) ছুরিকাঘাত করেছেন বলে তিনি শুনেছেন। ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী বাবুর বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। যোগাযোগ করা হলে রাজশাহীর কাটাখালী থানার ওসি সুমন কাদেরী বলেন, নিহতের স্বামী পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের পর নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে।
