উজিরপুরে যুবদল নেতাসহ ৩ জনকে কুপিয়ে জখম
Advertisement
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
উজিরপুরের ওটরা ইউনিয়নের ভবানীপুরে পূর্ব-শত্রুতার জেরে সন্ত্রাসীদের দফায় দফায় হামলায় গুরুতর আহত হয়েছেন যুবদলের সম্পাদক মনির হোসেনসহ তিনজন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগ ও আহত সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় ওটরার ভবানীপুর হাজি তাহের উদ্দিন ইসলামিয়া ডিগ্রি কলেজের পশ্চিম পাশে জালাল মোল্লার দোকানের সামনের রাস্তায় অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। রাত সাড়ে ১১টার দিকে ওটরা রাস্তার মাথা বাজারের বটতলায় পুনরায় হামলা করে ওই এলাকার বাবু মুন্সি, শফিকুল ইসলাম রুবেল মাস্টার, সাইদুল মল্লিক, আলাউদ্দিন নান্নান, ইজাবুল মোল্লাসহ একটি দল। হামলায় গুরুতর আহত হন উপজেলা যুবদলের সম্পাদক মনির হোসেন মল্লিক ও হৃদয় বেপারী, মারুফ আহমেদ লিংকন। স্থানীয়রা আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করেন। হামলায় আহত মনির হোসেন বাদী হয়ে উল্লেখিত অভিযুক্ত হামলাকারীদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় এজাহার করেন। উজিরপুর থানার ওসি রকিবুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
