জমি নিয়ে বিরোধ
কেন্দুয়ায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আহত ব্যক্তির মৃত্যু
Advertisement
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কেন্দুয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আপন চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আহত হয়ে আফতাব উদ্দিন নামে এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আফতাব উদ্দিন উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের ফতেপুর কান্দাপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। তিনি কৈলাটি ফতেপুর শাখা ডাকঘরে ডাক রানার হিসেবে কর্মরত ছিলেন। অভিযুক্ত ফরিদ মিয়া একই গ্রামের মৃত উছমান গণির ছেলে এবং নিহত আফতাব উদ্দিনের আপন চাচাতো ভাই। সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে শনিবার সকাল ১০টায় কৈলাটি ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় আফতাব উদ্দিনকে একা পেয়ে ফরিদ মিয়া ও তার লোকজন উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হন আফতাব। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত আফতাব উদ্দিনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
