সিংড়ায় তুচ্ছ ঘটনায় দুই কৃষককে হাতুড়িপেটা
Advertisement
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
তুচ্ছ ঘটনা নিয়ে সিংড়ায় দুই হতদরিদ্র কৃষককে হাতুড়িপেটার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার রাত সাড়ে ১০টায় কলম ইউনিয়নের বলিয়াবাড়ী ও কৃষ্টপুর রাস্তায় এ ঘটনা ঘটে। আহত দুই কৃষক হলো বলিয়াবাড়ী গ্রামের আব্দুস সালাম খাঁর ছেলে জালাল উদ্দিন ও একই গ্রামের মানিক উদ্দিনের ছেলে মুন্না মিয়া। তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের হাত, পা, বুক-পিঠ ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০টায় প্রচণ্ড গরমে বলিয়াবাড়ী রাস্তার মাঝে বসেছিলেন কৃষক জালাল উদ্দিন ও মুন্না মিয়া। এ সময় কৃষ্টপুর গ্রামের আজম আলীর অটোভ্যান গাড়িতে চড়ে বাড়ি ফিরছিলেন ওই গ্রামের মহসিন আলী, ওয়াসিমসহ কয়েকজন ব্যক্তি। সেখানে রাস্তার মাঝে বসে থাকা কৃষকদের সঙ্গে ভ্যানগাড়ির ধাক্কা লাগায় দুপক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। পরে হাতুড়ি ও লোহার রড দিয়ে জালাল উদ্দিন ও মুন্না মিয়া নামের দুই কৃষক পিটিয়ে জখম করে ফেলে রেখে যায় ১৫ থেকে ২০ জন লোক। পরে মঙ্গলবার সকালে দুপক্ষের মধ্যে আবার নতুন করে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
