বড়াইগ্রামে ভাড়াটিয়ার কাণ্ড
বাড়িওয়ালার হাত-পা বেঁধে অস্ত্রের মুখে বাড়ি দখল
Advertisement
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বড়াইগ্রামে ভাড়াটিয়ার বিরুদ্ধে বাড়ির মালিককে জিম্মি করে ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে বাড়ি দখল চেষ্টা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর ছেলে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, লালপুরের নাওদাড়ার সাজদার রহমানের (৬৫) একটি বাড়ি রয়েছে। পাঁচ মাস ধরে বড়াইগ্রামের আটুয়ার জহুরুল ইসলাম বাড়ির একটি ইউনিট ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। সম্প্রতি তিনি বাড়ির মালিককে না জানিয়েই বাড়ির আরও দুটি ইউনিট দুজনকে ভাড়া দেন। বিষয়টি জানতে পেরে সাজদার রহমান অনুমতি ছাড়া বাসা ভাড়া দেওয়ার কারণ জানতে চান এবং সবার কাছ থেকে ভাড়া চান। এতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে গত ৯ আগস্ট সাজদার রহমানের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে ছয়টি ননজুডিশিয়াল স্ট্যাম্পে জোর করে সই করিয়ে নেন। একই সঙ্গে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে তারা। এ টাকা না দিলে তাকে হত্যার হুমকি দিয়ে ভবিষ্যতে ওই বাড়িতে যেতে নিষেধ করে।
অভিযুক্ত জহুরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ওই বাসায় থাকতাম, তবে বাড়িওয়ালা ভাড়া দিতে হবে না বলেছিল, সেজন্য আমি ভাড়া দিইনি। আর হাত-পা বাঁধা বা জোর করে স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগ মিথ্যা। ওসি শফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
