|
ফলো করুন |
|
|---|---|
মানিকগঞ্জে গুলি ছুড়ে স্বর্ণালংকার ছিনতাই
মানিকগঞ্জ সদরের পূর্ব শানবান্দা এলাকায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে শুক্রবার রাতে ফাঁকা গুলি ছুড়ে স্বর্ণ ও রুপা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইকারীদের রডের আঘাতে স্বর্ণ ব্যবসায়ী ও তার ছেলেসহ তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন পূর্ব শানবান্দা গ্রামের পতিত পবন শীল, তার ছেলে প্রবীর কুমার শীল এবং একই গ্রামের মনোরঞ্জন পাল। মানিকগঞ্জ প্রতিনিধি
প্রেমিকের সঙ্গে মনোমালিন্যে নারীর আত্মহত্যা
শিবচরে প্রেমিকের সঙ্গে মনোমালিন্যের জেরে শনিবার দুপুরে বিথি আক্তার নামে এক নারী আত্মহত্যা করেছেন। উপজেলার যাদুয়ারচর ডিসি রোড এলাকায় ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ইতালি প্রবাসী এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। স্থানীয়রা জানান, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় আগেই তার বিবাহবিচ্ছেদ হয়। শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
ময়মনসিংহে রাব্বী হত্যার আসামি গ্রেফতার
ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দোকানে ঢুকে চাঞ্চল্যকর রাব্বী হত্যার সহযোগী আসামি সাব্বির হোসেনকে শুক্রবার বিকালে গ্রেফতার করেছে র্যাব। ময়মনসিংহ সদরের মধ্য বাড়েরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে দোকানে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে রাব্বীকে কুপিয়ে হত্যা করা হয়। ময়মনসিংহ ব্যুরো
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু
সখীপুরে নিজ বাড়িতে ছেলের ব্যাটারিচালিত অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রি বাবা শাহ আলমের (৫৫) মৃত্যু হয়েছে। ?শনিবার সকালে উপজেলার কুতুবপুর উত্তর চামারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সকালে শাহআলম তার ছেলে সজীব আহমেদের ব্যাটারিচালিত অটোরিকশার চার্জারের লাইন খুলতে যান। এ সময় তিনি বিদ্যুতায়িত হন। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মনপুরায় ২ সাংবাদিকের ওপর হামলা
মনপুরায় পেশাগত দায়িত্ব পালনের সময় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হন সাংবাদিক মেহেদী হাসান ও আবদুর রহমান শোয়েব। এ সময় হামলাকারীরা ক্যামেরা, মোবাইল ভাঙচুর করে। শনিবার দুপুরে উপজেলার বিচ্ছিন্ন চর কলাতলী ইউনিয়নে কবির বাজার সংবাদ সংগ্রহের জন্য গেলে ভূমিদস্যু খালেক বাহিনী তাদের ওপর এ হামলা চালায়। মনপুরা (ভোলা) প্রতিনিধি
চুনারুঘাটে আ.লীগের ৬৪ নেতাকর্মীর নামে মামলা
চুনারুঘাটে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এসআই সুমন মিয়া সন্ত্রাসবিরোধী আইনে শুক্রবার থানায় মামলাটি করেন। ১৪ আগস্ট রাতে উপজেলার মিরাশী ইউনিয়নের পূর্ব পাকুরিয়া গ্রামে ইউপি চেয়ারম্যান মানিক সরকারের বাড়িতে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হন আসামিরা। হবিগঞ্জ প্রতিনিধি
