জমি নিয়ে বিরোধ
চরফ্যাশনে ধান খেতে মিলল ব্যবসায়ীর লাশ
Advertisement
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চরফ্যাশনের শশীভূষণ থানার একটি ধানখেত থেকে আলাউদ্দিন রাড়ী নামে এক ডাব ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উত্তর চরমঙ্গল গ্রামে বাড়ির পাশের একটি ধানখেত থেকে বুধবার রাতে লাশটি উদ্ধার করা হয়। পরদিন সকালে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত আলাউদ্দিন ওই গ্রামের মৃত আব্দুল করিম রাড়ীর ছেলে। পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে স্থানীয় আনজুর হাট চৌমুহনী বাজারে যাওয়ার পর রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় স্বজনরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ধানখেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। শশীভূষণ থানার ওসি মো. ফিরোজ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলাউদ্দিনের লাশ উদ্ধার করে। প্রাথমিক সুরতহালে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে নিহতের স্ত্রী বিবি ফাতেমা বেগমের দাবি, মঙ্গলবার বিকাল ৫টার দিকে নাতির জন্য কেক ও বাজারসামগ্রী কিনতে আলাউদ্দিন বাজারে যান। রাত ১০টার দিকে তার ভাতিজা সোহাগ ফোন করে আলাউদ্দিনের লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার খবর দেন। ঘটনাস্থলে গিয়ে তিনি স্বামীর জামা কিছুটা দূরে পড়ে থাকতে দেখেন। তার দাবি, আলাউদ্দিনের সঙ্গে থাকা মোবাইল, টাকা ও বাজারসামগ্রী পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ, জমি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ ও মামলা চলছে। এর জেরেই আলাউদ্দিনকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এ ঘটনায় এখনো কাউকে আসামি করে মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। তদন্ত চলছে।
