দামুড়হুদায় নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল
প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ ভাঙচুর
Advertisement
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মঙ্গলবার রাতে দামুড়হুদা উপজেলার দর্শনা থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলে ‘এমপি টগর ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার দর্শনা পৌর শহরে ছাত্রদলের উদ্যোগে যুবদল বিএনপির বিক্ষোভ মিছিল করেছে। অন্যদিকে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের দর্শনা পৌরসভার সাবেক মেয়র আতিয়ার রহমান হাবু, দর্শনা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক আরিফ ও ছাত্রলীগ নেতা অনিকের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং এক নারী আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে মঙ্গলবার রাত ১১টার দিকে ইংরেজিতে বাংলাদেশ স্টুডেন্ট লীগ ফেসবুক পেজে দর্শনা ছাত্রলীগ নেতা অনিকের নেতৃত্বে ছাত্রলীগ যুবলীগের নেতৃবৃন্দ হেলমেট ও মুখে মাক্স ব্যবহার করে মশালের আগুন ধরিয়ে অজ্ঞাত স্থান থেকে একটি মশাল মিছিল করা একটি ভিডিও আপলোড করা হয়। মুহূর্তের মধ্যেই বিক্ষোভ মশাল মিছিলটির এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনার পর বুধবার সকালে বেশ কয়েকজন ছাত্রলীগের বিক্ষোভ ও মশাল মিছিলের নেতৃত্বদানকারী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা অনিকের বাড়ি ভাঙচুর করে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু বাড়ির গেট ভাঙচুরসহ দর্শনা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক আরিফের ব্যবসা প্রতিষ্ঠানের গ্লাস ভাঙচুর করে। এতে তার স্ত্রী রক্তাক্ত জখম হয় বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য খন্দকার শওকত আলী বলেন, নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মিছিল করা বরদাশত করা হবে না। এদের প্রতিহত করা হবে। তবে ব্যবসা-বাণিজ্য বাড়িঘরের কোনো ধরনের ক্ষয়ক্ষতি করা হয়নি।
এ ব্যাপারে দর্শনা থানার ওসি নজরুল ইসলাম বলেন, রাতে ফেসবুকে মশাল মিছিলের একটা ভিডিও দেখেছি। এটা তদন্ত করা হচ্ছে। শুনেছি বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। তবে এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।
