চিলমারীতে চলন্ত কমিউটার ট্রেনের তার চুরি
হঠাৎ অন্ধকারে বগি
Advertisement
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চিলমারী থেকে রংপুরগামী রমনা কমিউটার ট্রেনের কোচ থেকে বাতি ও ফ্যানের সার্কিটের বৈদ্যুতিক তার চুরির অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যায় উলিপুর রেলওয়ে স্টেশনের অদূরে বালাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তার চুরি যাওয়ায় রাতে ওই কোচটি পুরোপুরি অন্ধকার হয়ে পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দেয়। যাত্রীরা জানান, ট্রেনটি উলিপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর হঠাৎ কোচের বাতি ও ফ্যান বন্ধ হয়ে যায়। প্রথমে তারা বিষয়টিকে যান্ত্রিক ত্রুটি বলে মনে করেন। পরে ট্রেনের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা খোঁজ নিয়ে জানতে পারেন, কোচের বাতি ও ফ্যানের সার্কিটের তার চুরি হয়েছে। ফলে অন্ধকার ও গরমের মধ্যে যাত্রা করতে হচ্ছে তাদের। ট্রেনে থাকা যাত্রী নিয়ামত আলী বলেন, হঠাৎ করে পুরো কোচের বাতি ও ফ্যান বন্ধ হয়ে যায়। পরে ট্রেনের দায়িত্বে থাকা লোকজন খোঁজ নিয়ে জানতে পারেন, কোচের তার চুরি হয়েছে। এরপর অন্ধকার ও গরমের মধ্যেই আমাদের থাকতে হয়েছে। ট্রেনে দায়িত্বে থাকা পরিচালক অজিত রায় বলেন, আমি সঠিকভাবেই দায়িত্ব পালন করে এসেছি। তবে দায়িত্বে থাকা অবস্থায় কেউ আমাকে বিষয়টি জানাননি এবং কোনো অভিযোগও করেননি। লালমনিরহাট রেলওয়ে বিভাগের কমান্ড্যান্ট মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, রেলওয়ে নিরাপত্তায় লোকবল সংকট রয়েছে। এ কারণে ওই ট্রেনে আমরা নিরাপত্তাকর্মী দিতে পারিনি। সামনে নিয়োগ হলে লোকবল পাওয়া গেলে নিরাপত্তাকর্মী দেওয়া হবে।
