আশাশুনিতে বেড়িবাঁধে ধস
আতঙ্কে ১০ গ্রামের মানুষ
Advertisement
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। রোববার রাত থেকে শুরু হওয়া ভাঙনে প্রায় ৫০ মিটার বাঁধ ধসে পড়েছে। একই সঙ্গে সড়কের একটি অংশও ভেঙে যাওয়ায় যোগাযোগ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
দ্রুত ভাঙন রোধ করা না গেলে প্রতাপনগর ও পার্শ্ববর্তী আনুলিয়া ইউনিয়নের ১০ থেকে ১২টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। বসতবাড়ি, ফসলি জমি ও হাজার হাজার মৎস্যঘের পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কায় আতঙ্কে তারা। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার রাত আনুমানিক ৩টার দিকে কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে বেড়িবাঁধে ভাঙনের সূত্রপাত হয়। সোমবার ৭টার দিকে ভাঙন বড় আকার ধারণ করে। একপর্যায়ে বাঁধের প্রায় ৫০ মিটার অংশ ধসে নদী-খালের দিকে চলে যায়। ভাঙনের মুখে থাকা বাঁধের আরও কিছু অংশও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভাঙনের খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হন। কোনো সরকারি সহায়তার অপেক্ষা না করে স্বেচ্ছাশ্রমে বালু ও মাটি ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা শুরু করেন তারা।
স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম বলেন, ‘সারা বছর আমাদের নদীর সঙ্গে যুদ্ধ করে বাঁচতে হয়। সব সময় ভয় থাকে, কখন ঘরবাড়ি প্লাবিত হয়ে যায়।’ ইউএনও শ্যামানন্দ কু বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় চেয়ারম্যানকে প্রাথমিকভাবে কাজ শুরু করার জন্য জানিয়েছি। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডকেও বিষয়টি অবহিত করা হয়েছে। তারা দ্রুত কাজ শুরু করবে।’ সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া বলেন, ‘আনুমানিক ৫০ মিটারের মতো বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। খুব দ্রুত কাজ শুরু করা হবে।’
