বান্দরবানে ফুপুর হাতে ভাতিজি খুন
শেরপুর সিরাজদিখান নাইক্ষ্যংছড়ি তিতাস ও কুলাউড়ায় ৫ লাশ উদ্ধার
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বান্দরবানে পারিবারিক কলহে ভাতিজিকে গলাটিপে হত্যা করেছেন ফুপু। শেরপুরে যুবক, সিরাজদিখানে এনজিওকর্মী, নাইক্ষ্যংছড়িতে ব্যবসায়ী, তিতাস ও কুলাউড়ায় অজ্ঞাত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : বান্দরবানে পারিবারিক বিরোধে চার বছরের ভাতিজিকে গলাটিপে হত্যা করেছেন ফুপু। সোমবার সুয়ালক ইউনিয়নের ময়দার মিল এলাকায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় ফুপু নার্গিস আক্তারকে পুলিশ আটক করেছে। নিহত তাইফা সুলতানা ওই এলাকার টিপু খানের মেয়ে। পুলিশ জানিয়েছে, দুপুরে ঘর থেকে বেরিয়ে নিখোঁজ হয় শিশু তাইফা সুলতানা। এ বিষয়ে অভিভাবকরা সদর থানায় অভিযোগ করলে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ফুপু নার্গিস আক্তারের বাসায় তল্লাশি চালায়। সেখান থেকে তাইফার লাশ উদ্ধার করা হয়। কুমিল্লার তিতাসে তিতাস নদীর সংযোগ খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার শাহপুর এলাকায় তিতাস নদীর সংযোগ খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল। রোববার রাতে পৌর শহরের উছলাপাড়া খানবাড়ি জামে মসজিদের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, রাতেই লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শেরপুর সদরে ব্রহ্মপুত্র নদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের ভাগলগড় এলাকায় নদের পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত হাফিজুর রহমান রাসেল (৩০) জামালপুরের পাথারিয়া এলাকার বাদল মিয়ার ছেলে। তিনি পেশায় অটোচালক। ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মুন্সীগঞ্জের সিরাজদিখানে বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) এক কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া টেংমারি মহিলা সমিতির (টিএমসি) শাখা অফিসের নিচতলা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত একরামুল হক (৪৩) কুড়িগ্রামের রাজারহাটের চাকিরপাশার গ্রামের মো. আছের উদ্দিনের ছেলে। তিনি টিএমসির ফিল্ড অফিসার ছিলেন। ওসি মো. আলাউদ্দিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাইশারী বাজারে মো. আবুল কালাম (৫০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে বাইশারী কেন্দ্রীয় জামে মসজিদের শৌচাগারের ওপরের কাঠামো থেকে আবুল কালামের লাশ উদ্ধার করা হয়। নিহত আবুল কালাম দক্ষিণ বাইশারী এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি চার সন্তানের জনক এবং বাইশারী বাজারের একজন ব্যবসায়ী ছিলেন। নিহতের ছেলে সাইমুনের দেওয়া তথ্য অনুযায়ী, পারিবারিক কলহের পাশাপাশি আবুল কালাম প্রায় পাঁচ লাখ টাকা ঋণগ্রস্ত ছিলেন। এসব কারণে তিনি মানসিক চাপে ছিলেন। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা সেটি নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ। বাইশারী তদন্তকেন্দে র ইনচার্জ মো. মনজুর আহসান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
