বাস আটকে শ্রমিক নির্যাতন
হবিগঞ্জে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট
Advertisement
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে লাচলকারী বাস মৌলভীবাজারে আটকে রাখা এবং পরিবহণ শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল। তিনি বলেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের বিরতিহীন এক্সপ্রেস বাসের চালক ও শ্রমিকদের শেরপুরে আটকে গাড়ি ভাঙচুর এবং মারধর করে আসছেন মৌলভীবাজারের এসএমএস পরিবহণের মালিক-শ্রমিকরা। সবশেষ তাদের তিনটি বাস আটকে রাখা হয়েছে। এ নিয়ে একাধিক বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত মানা হচ্ছে না। বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
১ অক্টোবর থেকে জেলার কোনো সড়কে গণপরিবহণ চলবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। এ বিষয়ে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপক্ষের বিরোধ দীর্ঘদিনের।
গত ১২ জুন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জাতীয় সংসদের হুইপ জি কে গউছসহ পাঁচ সংসদ-সদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে সমঝোতা বৈঠকে বিরোধ নিষ্পত্তির সিদ্ধান্ত হয়।
তবে ১১ ও ২৪ সেপ্টেম্বর সিলেট থেকে যাওয়া তিনটি বিরতিহীন এক্সপ্রেস বাস মৌলভীবাজারে আটকে রাখার অভিযোগ ওঠে। এর প্রতিবাদেই নতুন করে ধর্মঘটের ঘোষণা দিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।
