ঝুঁকি নিয়ে ড্রামের ভেলায় পারাপার
ফুলবাড়ীতে আট বছরেও নির্মাণ হয়নি ধসে পড়া সেতু
Advertisement
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফুলবাড়ীতে সেতু ধসে পড়ার আট বছর পেরোলেও সেটি আজও পুনঃনির্মাণ হয়নি। ফলে পাঁচ সহস্রাধিক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন ড্রামের ভেলা তৈরি করে পার হচ্ছেন। সরেজমিন দেখা যায়, উপজেলার পূর্ব ধনিরাম এলাকায় ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় আবাসনের নালার ওপর একটি ব্রিজ। ২০১৭-১৮ অর্থবছরে ব্রিজটি দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে নির্মাণ করা হয়। সময়মতো নির্মাণ কাজও শেষ হয় এটির। উন্মুক্ত করে দেওয়া হয় দুপারের মানুষের চলাচলের জন্য। কিন্তু নিুমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় ১৪ ফিট প্রশস্ত ও ৪৫ ফিট দৈর্ঘ্যরে ব্রিজটি মাত্র তিন মাসের মাথায় ধসে পড়ে ওই নালায়। সেভাবেই পড়ে আছে প্রায় আট বছর। এখন পর্যন্ত সংস্কার কিংবা নতুন করে সেখানে কোনো ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে চরম দুর্ভোগে পড়েছেন পথচারীসহ স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরা। পশ্চিম ধনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া জানায়, ড্রামের ভেলায় করে স্কুলে যাওয়া কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। মাঝে মাঝে পড়ে গিয়ে বইপত্র ভিজে যায়। বন্যার সময় তো আমরা স্কুলে যেতেই পারি না। কি কষ্ট! আমাদের অমানবিক জীবনযাত্রা। স্থানীয় ভ্যানচালক মজিবর জানান, ব্রিজটি ভাঙার প্রায় আট বছর হয়ে গেল, কেউ নতুন করে বানানোর উদ্যোগ নেয়নি। বর্তমানে ভেলায় পারাপার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দিনটা শেষ করি ফেললং (ফেললাম) কোন কামাই হইল না। বড়ভিটা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু জানান, ব্রিজটির জন্য আবাসনের লোকজনসহ স্থানীয়রা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সেখানে নতুন করে সেতু নির্মাণের জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অবগত করেছি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলা জানান, পূর্ব ধনিরাম আবাসনের নালার ওপর নির্মিত ব্রিজটি ওই সময় বন্যার পানিতে দুই প্রান্তের মাটি ধসে পড়ে ভেঙে গেছে। বর্তমানে নকশা অনুযায়ী সেখানে নতুন ব্রিজ নির্মাণ কঠিন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
