দেবিদ্বারে দিনমজুরকে কুপিয়ে হত্যা
কুড়িগ্রামে কলেজছাত্রসহ পাঁচ স্থানে ৫ লাশ উদ্ধার
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার দেবিদ্বারে বাঁশ কাটা নিয়ে ঝগড়ায় এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এদিকে কুড়িগ্রামে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া মুন্সীগঞ্জের শ্রীনগরে স্কুলছাত্রী, যশোরের অভয়নগরে ভ্যানচালক, ফরিদপুরের ভাঙ্গায় গৃহবধূ এবং আলফাডাঙ্গায় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর : কুমিল্লার দেবিদ্বারে শফিকুল ইসলাম নামে এক দিনমজুরকে দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামে। নিহত শফিকুল ওই গ্রামের মৃত মহাকাজীর ছেলে। জানা যায়, বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশে বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে যান শফিকুল ইসলাম। এ সময় একই বাড়ির জয়নাল আবেদীনের (এলু মেম্বার) ছেলে লিমন ও তার বড় ভাই নজরুল ইসলামের ছেলে নিশাত বাঁশ কাটতে শফিকুলকে বাধা দেন। এ নিয়ে দুপক্ষই বাঁশঝাড় নিজেদের দাবি করে মারামারিতে লিপ্ত হন। একপর্যায়ে দা দিয়ে কুপিয়ে শফিকুলের নাড়িভুঁড়ি বের করে চাচা-ভাতিজা পালিয়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুড়িগ্রাম সদরের বালাকুড়া মাদ্রাসাপাড়ায় নিজ ঘর থেকে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার এবং কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে হস্তান্তর করে। সদর উপজেলার হলোখানা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বালাকুড়া মাদ্রাসাপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত নাজমুল ইসলাম ওই এলাকার নজরুল ইসলামের নাতি। জন্মের পর থেকে তিনি তার নানাবাড়িতে থাকতেন। নাজমুল খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা কেউ জানাতে পারেননি। মুন্সীগঞ্জের শ্রীনগরে সামিয়া আক্তার নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। তার বাবার নাম বাবুল শেখ। মৃত সামিয়া বাঘরা স্বরুপচন্দ্র উচ্চবিদ্যালয় নবম শ্রেণির ছাত্রী ছিল। স্থানীয়রা জানান, নিজ ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। যশোরের অভয়নগরের বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া এলাকায় মালেক শেখ নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভাটপাড়া এলাকার একটি সুপারি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত মালেক উপজেলার মরিচা-ভবানীপুর এলাকার ধলা মিয়া শেখের ছেলে। জানা যায়, বুধবার রাতে বাড়ির পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে ভ্যান ভাড়ার কাজে নিয়োজিত ছিলেন মালেক। পরে সকালে তিনি বাড়িতে না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি সুপারি বাগানে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা তা লাশের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বলা যাবে। ফরিদপুরের ভাঙ্গায় নিজ ঘরের আড়ার সঙ্গে গামছা প্যাঁচানো অবস্থায় সীমা বিশ্বাস নামে এক গৃহবধূ লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছিলাধরচর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সীমা ওই গ্রামের প্রদীপ বিশ্বাসের স্ত্রী। জানা যায়, সীমার স্বামী প্রদীপ একজন মাদকাসক্ত ব্যক্তি। তিনি প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীকে মারধর করতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এবং প্রদীপ তার স্ত্রীকে মারধর করেন। পরে দুপুরে সবার অজান্তে নিজ ঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। আলফাডাঙ্গায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে নাছিম মিয়া নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার রাত ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রাম এলাকায় নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। মৃত নাছিম ওই গ্রামের আবুল কালাম আজাদের (খোকা মিয়া) ছেলে। তিনি পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন।
