সীতাকুণ্ডে পুলিশ পেটানোয় যুবদল নেতা বহিষ্কার
Advertisement
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সীতাকুণ্ড মডেল থানায় পেশাগত দায়িত্ব পালনকালে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্তব্য কাজে বাধা প্রদানের সুস্পষ্ট অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি ইসমাইল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার সকালে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টার দিকে সীতাকুণ্ড মডেল থানা কম্পাউন্ডে গাড়ি রাখা নিয়ে থানার কনস্টেবল ও ওসির গাড়ি চালক শফিককে মারধর করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি ইসমাইল হোসেন। থানা সূত্রে জানা যায়, রাতে যুবদল নেতা ইসমাইল তার ব্যক্তিগত গাড়ি নিয়ে থানায় যান। এ সময় গাড়ি পার্কিং নিয়ে ওসির গাড়ি চালক শফিকের সঙ্গে ইসমাইলের বাগ্বিতণ্ডার একপর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে কনস্টেবল শফিক আহত হন। তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়।
