স্কুলের সামনে ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ
স্বরূপকাঠিতে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
Advertisement
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নেছারাবাদে স্কুলের সামনে আড্ডা এবং ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মো. ইমাম হোসেন নামে এক ছাত্রদল নেতাকে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। পরে আহত ইমাম হোসেনকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোববার সন্ধ্যায় স্বরূপকাঠি সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অলঙ্কারকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. ইমাম হোসেনের বাবা বাবুল হোসেন বাদী হয়ে সাকিব ও তার বড় ভাই মো. সাইফুল, বাবা মো. ওহাব আলী এবং সাইফুলের ভায়রা ভাই মো. খোকনের বিরুদ্ধে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ইমাম হোসেন স্বরূপকাঠি ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি এবং অলংকারকাঠি গ্রামের বাবুল হোসেনের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন ইমাম হোসেন অভিযোগ করেন, সাকিব প্রায়ই অলঙ্কারকাঠি এম আর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে স্কুল ছুটির সময় দলবদ্ধভাবে আড্ডা দেন এবং মেয়েদের পথরোধ করে উত্ত্যক্ত করেন। তিনি কয়েকবার এসব না করার জন্য তাদের নিষেধ করেন।
এ নিয়ে রোববার বিকালে তিনি সাকিবকে রাস্তায় বসে একটি থাপ্পড় দিয়ে সতর্ক করেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ধ্যার পর সাকিব তাকে বাড়ি থেকে ডেকে স্কুলের কাছে নিয়ে যান। সেখানে সাকিব, সাইফুল তাদের বাবা ওহাব আলী ও খোকন লাঠি দিয়ে তাকে মারধর করেন। পরে খবর পেয়ে স্বরূপকাঠি শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান শান্ত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সাকিব রামদা দিয়ে তার মাথার পেছনে কোপ দেন এবং চেইন দিয়ে মারধর করেন বলে অভিযোগ করেন ইমাম।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা নেছারাবাদ থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসির হোসেন বলেন, ইমাম হোসেনকে মারধর করার একটি লিখিত অভিযোগ পেয়েছেন এবং তদন্তের পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তরা পলাতক রয়েছেন বলে জানান তিনি।
