বুড়িচং পরশুরাম ফুলপুর ও ফটিকছড়ি
পানিতে ডুবে প্রাণ গেল ৫ শিশুর
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পানিতে ডুবে কুমিল্লার বুড়িচং, ফেনীর পরশুরাম, ময়মনসিংহের ফুলপুর ও চট্টগ্রামের ফটিকছড়িতে ৫ শিশুর মৃত্যু হয়েছে। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর : কুমিল্লার বুড়িচংয়ে মোকামের গ্রামের বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আরাফাত রহমান নামে ১৮ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মোকাম ইউনিয়নের মোকাম গ্রামে এ ঘটনা ঘটে। আরাফাত রহমান মোকাম গ্রামের জাকির হোসেনের ছেলে। স্থানীয় লোকজন ও ইউপি সদস্য মো. জাকির হোসেন জানান, ওই দিন শিশু আরাফাত তার মা হাওয়া বেগমের সঙ্গে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। একপর্যায়ে তার মা রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন। কিছুক্ষণ পর ছেলেকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটি পড়ে থাকতে পারে বলে সন্দেহ হলে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুরের পানিতে নেমে তল্লাশি শুরু করেন। পরে পানির নিচ থেকে অচেতন অবস্থায় আরাফাত রহমানকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর স্বজনরা দ্রুত স্থানীয় কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) পাঠানো হয়। পরে কুমেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক শিশু আরাফাতকে মৃত ঘোষণা করেন। ফেনীর পরশুরামে পুকুরের পানিতে ডুবে আরিফা সুলতানা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের টেটেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আরিফা সুলতানা ওই গ্রামের মুহাম্মদ পলাশের মেয়ে। পরশুরাম মডেল থানার ওসি মো. আশরাফুল ইসলাম জানান, শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত থাকার সুযোগে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় আরিফা। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়মনসিংহের ফুলপুরে পানিতে ডুবে সাফা মনি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বওলা ইউনিয়নের কোকাইল গ্রামের সজিব তালুদারের মেয়ে। শিশু সাফা মনি সোমবার সকালে স্থানীয় মক্তবে পড়তে গিয়ে বাড়ি ফেরার পথে পুকুরে পড়ে নিখোঁজ হয়। পরে তার লাশ উদ্ধার করা হয়। চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো-দক্ষিণ ধর্মপুর হায়দার আলী তালুকদার বাড়ির মোহাম্মদ সরোয়ারের মেয়ে সাফিয়া (৩) এবং মোহাম্মদ বেলাল উদ্দিনের মেয়ে মারিয়া (৩)। জানা যায়, দুপুরে পরিবারের সদস্যরা ভাত খেয়ে ঘুমিয়ে পড়েন। এ সময় কোনো একপর্যায়ে বাড়ির পাশে থাকা দুই শিশু নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পাড়ে দুই শিশুর স্যান্ডেল পড়ে থাকতে দেখে পুকুরে তল্লাশি চালানো হয়। পরে স্থানীয়রা পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তাদের রাউজান উপজেলার গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
