পীরগঞ্জে গলা কেটে যুবককে হত্যা
কালিয়াকৈর শাহজাহানপুর উখিয়ায় তিন লাশ উদ্ধার
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পীরগঞ্জে যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শাহজাহানপুরে ময়লার ভাগাড়ে পলিথিনে মিলল নবজাতকের লাশ। এছাড়া কালিয়াকৈর ও উখিয়ায় দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : রংপুরের পীরগঞ্জে ধানখেত থেকে ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে বড়মহাজিদপুর গ্রাম থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত বিপুল চন্দ্র বর্মন রায়পুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মহান চন্দ্র বর্মনের ছেলে। বগুড়ার শাজাহানপুরে ময়লার ভাগাড় থেকে অজ্ঞাতনামা নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় রেশম বিজাগারের তুঁতুবাগান এলাকা থেকে পলিব্যাগের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। ওসি আশিক ইকবাল জানান, মঙ্গলবার ময়নাতদন্ত শেষে লাশটি আঞ্জুমান ই মফিদুল ইসলামকে দেওয়া হয়েছে। কক্সবাজারের উখিয়ায় নিজ বসতঘর থেকে হানিফ (২১) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত হানিফ ওই এলাকার মো. আলী আহমদের ছেলে। জানা গেছে, সকালে পরিবারের সদস্যরা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে রশি লাগানো অবস্থায় হানিফকে দেখতে পান। পরে তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আতিকুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক ইউনিয়নের মাঝুখান এলাকায় মঙ্গলবার তহিদুল ইসলাম (২২) নামে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তহিদুল ইসলাম ওই এলাকার আবুল হোসেনের ছেলে। ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
