ছাত্রীকে টিউশনি নিয়ে দ্বন্দ্ব
ভাসানী বিশ্ববিদ্যালয়ে গণিত ও রসায়নের শিক্ষার্থীদের সংঘর্ষ
Advertisement
যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) গণিত ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এক ছাত্রীকে টিউশনি নিয়ে দুই ছাত্রের দ্বন্দ্বের জেরে ওই সংঘর্ষ হয়। শিক্ষার্থীরা জানান, বহিরাগত এক ছাত্রীকে রসায়ন বিভাগের ছাত্র ৪ বছর ধরে পড়াতেন। পরে ওই ছাত্র গণিত বিভাগের এক ছাত্রকেও ছাত্রীটিকে পড়ানোর দায়িত্ব দেন। কিন্তু গণিতে ফলাফল ভালো না হওয়ায় রসায়ন বিভাগের ওই ছাত্রের কাছে ছাত্রীর অভিভাবক নালিশ করে। ভালোভাবে না পড়ানোয় গণিতে ছাত্রীর ফল খারাপ হচ্ছে এমন অভিযোগ করা হয়। বিষয়টি রসায়ন বিভাগের ওই ছাত্রকে ডেকে জিজ্ঞাসা করতেই গণিত বিভাগের ছাত্রের সঙ্গে তর্কের সূত্রপাত হয়। বৃহস্পতিবার রাতে শহীদ ওসমান হাদী হলের সামনে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। মারধরের পর গণিত বিভাগের ওই ছাত্র জননেতা আব্দুল মান্নান হলের ৩১৩ নম্বর কক্ষে গিয়ে অবস্থান নেন। খবর পেয়ে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা ওই কক্ষের সামনে গিয়ে জানালার কাচ ভাঙচুর করে। এ সময় দুই পক্ষের ছাত্রদের মধ্যে হাতাহাতি ও দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আহত ৬ শিক্ষার্থীকে পরে হাসপাতালে পাঠানো হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মনির মোর্শেদ জানান, এটা আসলে সিনিয়র আর জুনিয়রদের মধ্যে দ্বন্দ্বের কারণে হয়েছিল। বিষয়টা মীমাংসা হয়ে গেছে।
