পটুয়াখালীতে নির্বাচনি দ্বন্দ্বে যুবককে হত্যা
Advertisement
যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পটুয়াখালীর নির্মাণাধীন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) প্রধান ফটকের সামনে মহাসড়কের পাশ থেকে আব্বাস সিকদার নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে নির্মাণাধীন ইপিজেডের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, মারধরের শিকার হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। এ ঘটনায় পরিকল্পিত হত্যার অভিযোগ তুলেছেন নিহতের বাবা। জানা যায়, এলাকায় একটি মারামারির ঘটনার পর দুই দিন ধরে বাড়িতে ছিলেন না আব্বাস। শুক্রবার রাতে এক অটোরিকশাচালক তার চাচা শাহজালালকে ফোন করে জানান, ইপিজেডের সামনে আব্বাস অসুস্থ অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে স্বজনরা গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। নিহত আব্বাস সিকদার পটুয়াখালী সদরের আউলিয়াপুর ইউনিয়নের পচাকোড়ালিয়া গ্রামের রফিক সিকদারের ছেলে। আব্বাসের বাবা রফিক সিকদার বলেন, তিনি এলাকায় ইউপি সদস্য পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন। এজন্য ফেসবুকে প্রচারণামূলক পোস্টার দেওয়ার পর স্থানীয় একটি পক্ষের সঙ্গে বিরোধ বেড়ে যায় বলে তার দাবি। ওই পক্ষের সঙ্গে তার ছেলেরও দ্বন্দ্ব ছিল। এ ঘটনাকে পরিকল্পিত হত্যা দাবি করে জড়িতদের শনাক্ত ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন রফিক সিকদার।
ওসি মনিরুজ্জামান বলেন, স্থানীয় দ্বন্দ্বের কারণে হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
