বেড়ায় খেলা নিয়ে দুই মহল্লাবাসীর সংঘর্ষ
আহত অর্ধশতাধিক ভাঙচুর, আগুন
Advertisement
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সংঘর্ষের সময় ১৫টি দোকান, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বেড়া পৌরসভার নাজিম বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ, এসআরবি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেড়া বিবি পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে বেশ কিছুদিন ধরে ওয়ার্ডভিত্তিক ফুটবল প্রতিযোগিতা চলছিল। ওই দিন প্রতিযোগিতায় পৌরসভার ২ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ডের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র হয়। পরে পেনাল্টি শুটআউটের মাধ্যমে খেলার ফল নির্ধারণের উদ্যোগ নেওয়া হলে দুপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে ২ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া এবং ৯ নম্বর ওয়ার্ডের বনগ্রাম মহল্লার বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ১৫টি দোকান ও বাড়িঘর ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষে গুরুতর আহত ব্যক্তিদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলান্ট চাকমা ঘটনাস্থলে উপস্থিত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেড়া মডেল থানা পুলিশের পাশাপাশি পার্শ্ববর্তী সাঁথিয়া ও সুজানগর থানা এবং পাবনা পুলিশ লাইনসের পুলিশ ও এসআরবি সদস্যরা সেখানে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছোড়ে। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।
