সুন্দরবনে ৪ জেলে অপহৃত, একজন ফিরলেন মুক্তিপণে
Advertisement
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে মুক্তিপণ দাবি করে ৪ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জিয়া বাহিনীর সদস্যরা। গত রোববার সুন্দরবনের বাদুড়ঝুলি খালে মাছ ধরার সময় অতর্কিত হামলা চালিয়ে মালামালসহ জেলেদের অপহরণ করে। এদিকে মুক্তিপণের ৫০ হাজার টাকা দিয়ে সোরা গ্রামের রুস্তুম গাজীর ছেলে খোকা গাজী মঙ্গলবার ভোর ৬টায় অন্য একটি জেলে নৌকাযোগে বাড়িতে ফিরেছেন।
বনদস্যু জিয়া বাহিনীর আস্তানায় জিম্মিকৃত ৩ জেলেকে মুক্তিপণের জন্য দেড় লাখ টাকা দাবি করেছে বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে। অপহৃত ৩ জেলে হলেন-গাবুরার সোরা গ্রামে হযরত পাড়ের ছেলে মাছুম পাড় এবং একই গ্রামের কেনা শেখের ছেলে আহম্মদ শেখ ও সাইদুল গাজীর ছেলে শহিদ গাজী। পরিবারের বরাত দিয়ে স্থানীয় আবিয়ার গাজী জানান, ৫ দিন আগে ৪ জেলে সুন্দরবনে প্রবেশ করেন।
একপর্যায়ে সুন্দরবনের বাদুরঝুলি খালে মাছ ধরার সময় রাত ৯টার দিকে অস্ত্র নিয়ে জিয়া বাহিনীর সদস্যরা ৪ জেলেকে অপহরণ করে। পারিবারিক দেনদরবারে ৫০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে খোকা গাজীকে ছেড়ে দেয়। বাকি তিন জেলেকে মুক্তিপণের জন্য দেড় লাখ টাকা দাবি করেছে জিয়া বাহিনী। অন্যথায় জেলেদের হত্যার হুমকি দিয়েছে বনদস্যু জিয়া বাহিনীর সদস্যরা।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শাহিনুর ইসলাম বলেন, জেলে অপহরণের বিষয়ে শুনেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে বন বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
