অভাবের তাড়নায় কিডনি বিক্রি, চুরির মামলায় গ্রেফতার
পেটের দায়ে অপরাধী ছামছুল
Advertisement
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কালাইয়ে ট্রান্সফরমার চুরির মামলায় ছামছুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভাবের কারণে সম্প্রতি নিজের একটি কিডনি বিক্রি করেছেন বলে দাবি করেছেন তিনি। মঙ্গলবার রাতে উপজেলার মাত্রাই ইউনিয়নের মাত্রাই বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার ছামছুল ইসলাম উপজেলার মাত্রাই ইউনিয়নের শাইলগুন গ্রামের বাসিন্দা। কর্মসংস্থান নেই, পেটের দায়ে অভাবের তাড়নায় চুরি করতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন ওই যুবক। পুলিশ সূত্রে জানা গেছে, ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেফতারের পর ছামছুলের পকেট থেকে ইরানের প্রেসক্রিপশন পাওয়া যায়। এসময় সাংবাদিকরা ইরানের প্রেসক্রিপশনের বিষয়ে জানতে চাইলে ছামছুল বলেন, মাসখানেক আগে তিনি চট্টগ্রামে কাজ করতে যান, সেখানে গিয়ে মাসুম নামের এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। তার মাধ্যমে কিডনি ক্রেতা প্রতিস্থাপনের সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ হয়। একপর্যায়ে তার পাসপোর্ট ও ভিসার ব্যবস্থা করে তাকে ইরানে নেওয়া হয়। সেখানে এক নারী ব্যবসায়ীর শরীরে তার কিডনি প্রতিস্থাপন করা হয়েছে বলে দাবি করেন সামছুল। অভাবের তাড়নায় তিনি তার কিডনি বিক্রি করেছেন বলে বারবার দাবি করেন। ওসি সাইদুল আলম বলেন, ট্রান্সফরমার চুরির মামলায় ছামছুলকে গ্রেফতার করা হয়েছে। তবে অল্প কিছুদিন আগে তার একটি কিডনি বিক্রি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
