বাহুবলে প্রাণ হারাল খুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ
হাজীগঞ্জ দুর্গাপুর ও তিতাসে পানিতে ডুবে তিনজনের মৃত্যু
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাহুবলে পানিতে ডুবে জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীলের মৃত্যু হয়েছে। এছাড়া হাজীগঞ্জ, দুর্গাপুর ও তিতাসে আরও তিনজনের মৃত্যু হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : হবিগঞ্জের বাহুবলে পানিতে ডুবে ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নারিকেলতলা গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে দ্বীপের লাশ উদ্ধার করা হয়। হাসি-আনন্দে মুখরিত থাকার কথা ছিল যে শিশুর শৈশব, সেই ছোট্ট দ্বীপের জীবন থেমে গেল মাত্র তিন বছর বয়সেই। দ্বীপ ওই গ্রামের বিজয় শীলের ছেলে। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুর থেকে দ্বীপকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার লাশ পাওয়া যায়। দ্বীপের চাচা বিপ্লব শীল নিউ ভিশন কেজি অ্যান্ড হাইস্কুলের সহকারী শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের সৃজনশীল কনটেন্ট তৈরি করেন। কয়েক মাস ধরে চাচার সঙ্গে এসব ভিডিওতে অংশ নিচ্ছিল ছোট্ট দ্বীপ। তার মুখের হাসি আর শিশুসুলভ অভিব্যক্তি অল্প সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের মন জয় করে নেয়। চাঁদপুরের হাজীগঞ্জে পানিতে ডুবে জিসান মুন্সী নামে এক শিশুর মৃত্যু হয়েছে। জিসান উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলী এলাকার ওয়াসিম মুন্সীর ছেলে। স্থানীয় রুহুল আমিন সোহাগ জানান, বুধবার বিকালে বাড়ির উঠানে খেলাধুলা করছিল জিসান। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তার বাবা ওয়াসিম মুন্সী পুকুরে জুতা ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নৌকা উলটে এমদাদুল হক নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীর তলদেশ থেকে তার লাশ উদ্ধার করে। এর আগে ভোরে বৃদ্ধ মাকে নিয়ে ছোট নৌকায় নদীতে যাওয়ার পথে নদীর বিরিশিরি ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত এমদাদুল উপজেলার বিরিশিরি ইউনিয়নের চৈতাটি গ্রামের ইসমত আলীর ছেলে। কুমিল্লার তিতাসে গোমতী নদীতে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে তাহসিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, বুধবার দুপুরে সহপাঠীদের সঙ্গে গোমতী নদীতে গোসল করতে নামে তাহসিন। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। নিহত তাহসিন দুলারামপুর গ্রামের আনোয়ার সিদ্দিকের ছোট ছেলে।
