প্রতিবন্ধীকে বেঁধে চোর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা
নোয়াখালীতে গ্রেফতার ৪
Advertisement
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই গ্রামে এক প্রতিবন্ধী যুবককে চোর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর জেলা শহরের বিপরীত পাশে নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে নিয়ে লাশ ফেলে দেওয়া হয়। বুধবার সুধারাম থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন।
তিনি জানান, ভিকটিম কবির হোসেন একজন প্রতিবন্ধী। তিনি সুধারাম থানা এলাকার নোয়ান্নই ইউনিয়নের নোয়ান্নই গ্রামের গাইন বাড়িতে মায়ের সঙ্গে বসবাস করতেন। মঙ্গলবার দুপুরে এজাহারনামীয় আসামি আলাউদ্দিন মুন্সীর নেতৃত্বে ২৫-৩০ জন যুবক স্থানীয় ইসলামগঞ্জ বাজারে ভিকটিম কবির হোসেনকে আটক করে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে ফেলে। পরে এই প্রতিবন্ধী যুবককে লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কিল-ঘুসি-লাথি মেরে মারাত্মক আহত করে।
পরে মুমূর্ষু অবস্থায় একটি অটোরিকশায় করে দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে নোয়াখালী জেলা শহরের পূর্ব পাশে নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে তাকে ফেলে আসা হয়। খবর পেয়ে সুধারাম থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ভিকটিমের মা কমলা বেগম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে এবং ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সুধারাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মঙ্গলবার রাতেই সুধারাম থানা পুলিশ ও নোয়াখালী র্যাব যৌথ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. আলাউদ্দিন মুন্সী, মো. ফারুক উদ্দিন শুভ, মো. হোসেন ও মো. তারেককে গ্রেফতার করেছে।
