লাকসামে চালককে হত্যার পর ফেলে রাখা হয় খেতে
আশুলিয়া ও লোহাগাড়ায় ৩ লাশ উদ্ধার
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
লাকসামে অটোচালককে হত্যার পর ধানখেতে ফেলে রাখা হয়েছে। আশুলিয়ায় ভাড়া বাসায় ঢুকে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। রোববার তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া লোহাগাড়ায় কিশোরীসহ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান : কুমিল্লার লাকসামে ধানখেত থেকে কাউসার হোসেন (২৩) নামে অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার উপজেলার বাকই ইউনিয়নের তারাপুর গ্রামের কৃষিজমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাকে হত্যার পর ওই খেতে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত কাউসার উপজেলা বাকই দক্ষিণ ইউনিয়নের তারাপুর গ্রামের পূর্ব বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে। ওসি কাজী কামরুন্নাহার লাইলী বলেন, লাশের পাশে পড়ে থাকা বস্তায় বিভিন্ন কোম্পানির সিগারেটের প্যাকেট পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এক সপ্তাহ আগে চোরাই মালামাল ভাগাভাগি নিয়ে কাউসারকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সাভারের আশুলিয়ায় ভাড়া বাসার একটি কক্ষ থেকে আনসার আলী (৫০) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার আশুলিয়ার ইউনিক বারোতলা এলাকার জিন্নাত আলীর ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। তাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত আনসার আলী টাঙ্গাইলের গোপালপুরের বাইসখাইল গ্রামের মৃত সুজাত আলীর ছেলে। তিনি আশুলিয়া এলাকার মোতালেবের একটি মুদি দোকানের কর্মচারী ছিলেন। দুদিন ধরে আনসার আলী নিখোঁজ ছিলেন। জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রাশেদুজ্জামান জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। চট্টগ্রামের লোহাগাড়ায় দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলা সদর ইউনিয়নের রশিদারপাড়ার একটি ভবনের চতুর্থতলা থেকে কিশোরী জান্নাতুল ফেরদৌসের (১৭) লাশ উদ্ধার করা হয়। রোববার দুপুরে উপজেলার চুনতি বাগানবাড়ি এলাকা থেকে হেলাল উদ্দিন নামে আরেকজনের ঝুলন্ত লাশ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত হেলাল ওই এলাকার মো. ইব্রাহিমের ছেলে। তিনি চুনতি হাকিমিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি ছিলেন। অন্যদিকে নিহত জান্নাতুল ফেরদৌস ঢাকার সায়েদাবাদের বাসিন্দা বাবুল ও মাহমুদা আক্তার বিউটি দম্পতির মেয়ে। সে মায়ের সঙ্গে লোহাগাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকত। ওসি (তদন্ত) প্রশান্ত কুমার জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে।
