গাইবান্ধায় বিয়ের আগেরদিন মৃত্যু
ভুল চিকিৎসা, অবহেলার অভিযোগ পরিবারের
Advertisement
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভুল চিকিৎসা ও অবহেলায় গাইবান্ধা শহরের ডেভিট কোম্পানি পাড়ার বাসিন্দা প্রকৌশলী আরিফ শাহরিয়ার বিয়ের আগের দিন মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। রেবাবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মৃতের বড় বোন শারমিন আকতার। সংবাদ সম্মেলনে শারমিন আকতার বলেন, প্রকৌশলী আরিফ শাহরিয়ার সৌমিক এক মাস আগে গায়ে জ্বর নিয়ে ঢাকা থেকে বিয়ের জন্য গাইবান্ধার বাড়িতে আসেন। বিয়ের দিনক্ষণ ঠিকঠাক হয় শুক্রবার দুপুরে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের এক তরুণীর সঙ্গে। কিন্তু বৃহস্পতিবার দুপুরে তার গায়ে ফের প্রচণ্ড জ্বর আসে। অস্বাভাবিক জ্বরের কারণে তাকে গাইবান্ধা জেলা হাসপাতালের সামনে মাইশা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নেওয়া হয়। সেখানে ওই ক্লিনিকের ডা. মনির হোসেন তার পরীক্ষা-নিরীক্ষা করান। রিপোর্টে বলা হয়, রোগী টাইফয়েটে আক্রান্ত। এ কারণে তাকে জরুরিভাবে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান স্বজনরা। কিন্তু তখন হাসপাতালে কোনো চিকিৎসক ছিলেন না। দীর্ঘ সময় রোগীকে বসিয়ে রাখা হয়। ততক্ষণে তরুণ এ প্রকৌশলীর জীবন প্রদীপ নিভে যায়। তখন হাসপাতাল থেকে বলা হয়, তাকে মৃত অবস্থায় আনা হয়েছে। কিন্তু তার মা ও বোন বলেন, ‘জীবিত অবস্থায় রোগীকে হাসপাতালে নেওয়া হলে দীর্ঘক্ষণ ফেলে রাখা হলে বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়। কিছু গণমাধ্যম মনগড়াভাবে লিখেছে, মৃত অবস্থায় রোগীকে হাসপাতালে নেওয়া হয়। এ কথা ঠিক নয়। তাছাড়া কয়েকটি গণমাধ্যমে বলা হয়, মৃতের বাবা-মায়ের দেখা পাওয়া যায়নি। এ ধরনে উদ্ভট খবরে আমরা সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। ডায়াগনস্টিক সেন্টারে রিপোর্টে টাইফয়েট বলা হলেও আমরা ধারণা করছি, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগী মারা গেছে। এ ধরনের ভুল তথ্য উপস্থাপন করে সামাজিকভাবে আমাদের পরিবারকে হেয় করা হয়েছে।’
