লালপুরে খালার বাড়িতে গিয়ে প্রাণ হারাল ছাত্র
পেকুয়া বাউফল ও চরফ্যাশনে পানিতে ডুবল ৩ শিশু
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
লালপুরে খালার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে ছাত্র। এছাড়া পানিতে ডুবে পেকুয়া, বাউফল ও চরফ্যাশনে তিন শিশুর মৃত্যু হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : কক্সবাজারের পেকুয়ায় নয়াকাটা এলাকায় সোমবার মসজিদের পুকুরে ডুবে মুহাম্মদ লায়েন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। লায়েন পেকুয়া পৌরসভার শেখেরকিল্লাঘোনা ডিসি রোড এলাকার সৌদি প্রবাসী ওয়াহিদুর রহমানের ছেলে। সে স্থানীয় একটি নুরানি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল। লায়েনের দাদা মাহমদ বলেন, গত রোববার লায়েন তার মায়ের সঙ্গে নয়াকাটা এলাকায় নানার বাড়িতে বেড়াতে যায়। সোমবার সকালে সে অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। নাটোরের লালপুরে খালার বাড়িতে বেড়াতে এসে তামিম (১৩) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। খালাতো ভাইদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সে মারা যায়। সোমবার বিলমাড়িয়া বাজারের নিচে পুকুরপাড়-সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। তামিম গোপালপুর গ্রামের মিঠুনের ছেলে। পটুয়াখালীর বাউফলে ফুটবল নিয়ে পুকুরে সাঁতার কাটতে নেমে ইয়াছিন মৃধা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃধা বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ইয়াছিন ওই এলাকার ব্যবসায়ী মো. ফোরকান মৃধা ও মোসা. ফাতেমা বেগম দম্পতির সন্তান। জানা যায়, সোমবার ইয়াছিন মামা আব্দুল্লাহর সঙ্গে পুকুরে সাঁতার কাটতে যায়। কিছুক্ষণ পর দুজনই পুকুর থেকে উঠে আসে। পরে ইয়াছিন একটি ফুটবল নিয়ে আবারও পুকুরে নামে। ফুটবল নিয়ে সাঁতার কাটার সময় সে পানিতে ডুবে যায়। ভোলার চরফ্যাশন পৌরসভা ৭নং ওয়ার্ডে তাসরুপা নামে আড়াই বছরের শিশু পানিতে ডুবে মারা গেছে। সোমবার দুপুরে খেলতে গিয়ে সে পানিতে পড়ে যায়। তসরুপা চরফ্যাশন প্রেস ক্লাবের পিয়ন আবদুল মন্নানের মেয়ে।
