বড়াইগ্রামে যুবক খুনের পর ঝলসানো হয় দেহ
দৌলতপুরে বৃদ্ধের লাশ উদ্ধার
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বড়াইগ্রামে প্রতিবন্ধী যুবককে হত্যার পর দাহ্য পদার্থ দিয়ে ঝলসানো হয়েছে। দৌলতপুরে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুগান্তর প্রতিনিধিরা জানান : নাটোরের বড়াইগ্রামে রঞ্জু ওরফে কালু পাগলা (৪৩) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের রক্তাক্ত ও দাহ্য পদার্থে ঝলসানো লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার দিয়াড়গাড়ফা গ্রাম সংলগ্ন বিলে ন্যাপিয়ার ঘাসের জমি থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত রঞ্জু দিয়াড়গাড়ফা গ্রামের সরুপ প্রামাণিকের ছেলে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। নিহতের ভাই শুকুর আলী জানান, রোববার সকালে রঞ্জু মায়ের রান্নার জন্য পানি আনতে বেরিয়ে নিখোঁজ হয়। সোমবার ভোরে প্রতিবেশী কৃষক শরীফুল ইসলাম সবজি সংগ্রহ করতে গিয়ে বিলের ভেতর ঘাসের জমিতে রঞ্জুর লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে। তার নাক ও মুখে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার মুখমণ্ডল রক্তাক্ত ও শরীরের সামনের অংশের একাধিক স্থান ঝলসানো ছিল। লাশের পাশে খালি বস্তা ও কলসি পড়েছিল। ওসি শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকাপাড়া এলাকার ঈদগাহসংলগ্ন পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। ওসি খালেদুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
