আট বছরেও শেষ হয়নি সেতুর কাজ
কাউখালীতে সাঁকোই ভরসা এলাকাবাসীর
Advertisement
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কাউখালীতে ১ কোটি ১৩ লাখ ৬৭ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি গার্ডার ব্রিজ আট বছরেও পুরোপুরি শেষ হয়নি। নির্ধারিত সময়ের পরও ব্রিজটির দুপাশের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ না হওয়ায় এটি এখনো পুরোপুরি ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা। ফলে সরকারি অর্থ ব্যয়ে নির্মিত অবকাঠামোটি মানুষের যোগাযোগের সুবিধার বদলে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ফলইবুনিয়া গ্রামের পাঙ্গাসিয়া-জোলাগাতি সড়কের পাশে নির্মাণাধীন ব্রিজটির এমন অবস্থায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ অসম্পূর্ণ পড়ে থাকলেও সমাপ্ত করার কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। জানা যায়, এলজিইডির আওতায় ১ কোটি ১৩ লাখ ৬৭ হাজার ৩৩৩ টাকা ব্যয়ে ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৯ সালের ৬ জানুয়ারি। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় ভান্ডারিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইশান এন্টারপ্রাইজ। চুক্তি অনুযায়ী ২০২০ সালের ৬ এপ্রিলের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তো নয়ই, এরপরও প্রায় ছয় বছর পেরিয়ে গেলেও কাজ পুরোপুরি শেষ হয়নি।
স্থানীয়দের অভিযোগ, ব্রিজের মূল কাঠামো নির্মাণের পরও দুপাশের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ না করায় সেটি কার্যত বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ব্রিজে ওঠার জন্য স্থানীয়রা সুপারি গাছ দিয়ে তৈরি অস্থায়ী সাঁকো ব্যবহার করছেন। মেসার্স ইশান এন্টারপ্রাইজের প্রতিনিধি গিয়াস উদ্দিন বলেন, আমরা এ পর্যন্ত প্রায় ৮২ লাখ টাকার কাজ করেছি। কিন্তু এখনো কোনো বিল হাতে পাইনি।
