টিলা কেটে বিক্রি
বড়লেখায় পাশেই পুলিশ তদন্ত কেন্দ্র, তবুও জানেন না তারা
Advertisement
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পূর্ব-দৌলতপুর গ্রামে পুলিশ তদন্ত কেন্দ্র ও ইউনিয়ন ভূমি অফিসের নাগের ডগায় চলছে বিশাল টিলা কেটে মাটি বিক্রি। প্রকাশ্যে পরিবেশ আইনকে বৃদ্ধাগুলি দেখিয়ে টিলাখেকো চক্র ট্রাকে-ট্রাক্টরে প্রাকৃতিক টিলার মাটি পাচার করলেও রহস্যজনকভাবে সংশ্লিষ্টরা রয়েছে নির্বাক। অভিযোগ রয়েছে টিলাখোকো চক্র নিকটবর্তী পুলিশ তদন্ত কেন্দ্রকে ম্যানেজ করেই প্রাকৃতিক টিলা ধ্বংস করছে। রাস্তার পাশে প্রকাশ্যে বিশাল টিলা সাবাড় করে দিলেও শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর ইস্কান্দার হাবিবুর রহমান জানালেন তিনি কিছুই জানেন না। সরেজমিন দেখা যায়, শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্র ও ইউনিয়ন ভূমি অফিসের প্রায় ৩-৪শ মিটার অদূরে ২৫-৩০ ফুট উঁচু প্রাকৃতিক একটি টিলার ওপরে ৬-৭ জন শাবল দিয়ে মাটি নিচে ফেলছে। সেখান থেকে ট্রাক্টরে নিয়ে গিয়ে রাস্তার পাশের নিচু জমি ভরাট করছে মাটি পাচারকারী চক্র। ইতোমধ্যে টিলার সিংহভাগ সাবাড় করা হয়েছে। এতে ধ্বংস হচ্ছে গাছপালা, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য। নাম প্রকাশ না করার শর্তে মাটি শ্রমিকরা জানান, স্থানীয় প্রশাসনকে (পুলিশ তদন্ত কেন্দ্র) ম্যানেজ করে মাটির ঠিকাদার টিলা কেটে চড়া দামে বিভিন্ন মালিকের ভিটা ভরাট করে দিচ্ছে। তারা দৈনিক মজুরিটুক্ইু পাচ্ছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ জানান, অনেক দিন ধরে টিলাটি কাটা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের লোকজন এসেছিলেন। এখনও টিলা কাটা চলতে থাকার খবর শুনে তিনি বলেন, তাহলে পরিবেশের লোকজন এসে কী ব্যবস্থা নিল। ইন্সপেক্টর ইসকান্দার হাবিবুর রহমান জানান, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না, দেখেননি। টিলা কাটা কোনেভাবেই বরদাস্ত করা হবে না। সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া জানান, ওই টিলা কর্তনের ব্যাপারে তিনি অবহিত নন। কেউ তাকে জানায়নি।
