সারের ডিলার বিএনপি নেতার স্ত্রী-সন্তানরা
Advertisement
এসএম সাদিক হোসেন, রৌমারী (কুড়িগ্রাম)
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রৌমারী ও রাজিবপুরে ৯ জনকে বিসিআইসি সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে-যারা সবাই বিএনপি নেতা ও তাদের স্বজন। এর মধ্যে একজন কেন্দ্রীয় নেতা, দুজন জেলা বিএনপি নেতার স্ত্রী ও মেয়ে। বাকিরা উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল এবং ছাত্রদল নেতা। অন্যদিকে ডিলার নিয়োগে মানা হয়নি সরকারি নীতিমালা। তালিকায় এক ইউনিয়নে আবেদন করা হলেও নিয়োগ দেওয়া হয়েছে অন্য ইউনিয়নে। দু-একজন বাদে কারও নির্দিষ্ট গোডাউন নেই। ডিলার নিয়োগে এমন অনিয়ম ও চরম দলীয়করণে এলাকায় ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। মেসার্স মমতাজ এন্টারপ্রাইজের মালিক মমতাজ হোসেন। তিনি কেন্দ্রীয় মহিলা দলের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক। তাকে রৌমারী সদর ইউনিয়নে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তার ঠিকানা দেখানো হয়েছে দক্ষিণ টাপুরচর, যা বন্দবেড় ইউনিয়নের আওতায়। আলমগীর হোসেনের প্রতিষ্ঠানের নাম মেসার্স আরাফ এন্টারপ্রাইজ। তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসেনের ভাগিনা। তার নির্দিষ্ট কোনো গোডাউন নেই। নৌবন্দর আবাসিক হোটেল নামের একটি প্রতিষ্ঠান গোডাউন হিসাবে দেখানো হয়েছে। তাকে বন্দবেড় ইউনিয়নে ডিলার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। হাসনা হেনার প্রতিষ্ঠানের নাম জমজম ট্রেডার্স। তিনি জেলা বিএনপির সদস্য ও কুড়িগ্রাম-৪ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রাপ্ত আজিজুর রহমানের স্ত্রী। তাকে যাদুরচর ইউনিয়নে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও মেসার্স স্বাধীন এন্টারপ্রাইজের স্বত্ব¡াধিকারী স্বাধীন হোসেনকে দাঁতভাঙ্গা ইউনিয়নে ডিলার নিয়োগ দেওয়া হয়। তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। মেসার্স নাইম ট্রেডার্সের স্বত্বাধিকারী নাজমুল হুদাকে দেওয়া হয়েছে শৌলমারী ইউনিয়নের ডিলারের দায়িত্ব। তিনি ওই ইউনিয়নের যুবদলের সদস্য সচিব। মেসার্স সম্রাট এ্যালুমিনিয়ম স্টোরের স্বত্বাধিকারী আহমেদ নুরে আলম ফেরদৌস পেয়েছেন চরশৌলমারী ইউনিয়নের সার ডিলার। তিনি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। অপরদিকে মেসার্স রিতা ট্রেডার্সের মালিক রেজিনা তাসরিন। তিনি রাজিবপুর ইউনিয়নের ডিলার। রেজিনা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়কের স্ত্রী। মেসার্স সোহান ট্রেডার্সের মালিক সোহানুর রহমান। তিনি কোদালকাটি ইউনিয়নের সার ডিলার ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। মেসার্স মণ্ডল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহাজালাল তারেক মোহনগঞ্জ ইউনিয়নের ডিলার। তিনি ওই ইউনিয়নের ছাত্রদল নেতা। জানা যায়, রৌমারীতে সার ডিলারের আবেদন করেছেন ১৪৫ ও রাজিবপুরে ৫৫ জন। তার মধ্যে দুই উপজেলার ৯টি ইউনিয়নে ৯ জনকে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। সার ডিলার নিয়োগে দলীয়করণের বিষয়ে কেন্দ্রীয় মহিলা দলের সাস্কৃতিকবিষয়ক সম্পাদক মমতাজ হোসেন বলেন, বিএনপি নেতাদেরই তো দেওয়ার নিয়ম। তারা না পেলে কারা পাবে? এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারিভাবে নির্দেশনা রয়েছে বিএনপি নেতাদের ডিলারি দেয়ার। জেলা বিএনপির সদস্য আজিজুর রহমান বলেন, দু-একজনকে দলের বাইরে দিলে ভালো হতো। সরকারি শর্তসাপেক্ষেই আমার স্ত্রীর নামে ডিলার নিয়োগ হয়েছে।
