কমিটি নেই ৮ বছর
নেত্রকোনায় যুবদলের পদপ্রত্যাশী ৬ নেতার পৃথক কর্মসূচি
Advertisement
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনা জেলা যুবদলের কমিটি না থাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালিত হয়েছে ছয়টি পৃথক গ্রুপে। নেতৃত্বের প্রতিযোগিতা, গ্রুপিং ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের চিত্র ফুটে উঠেছে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি ও সমাবেশে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী নেতাদের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে জেলা শহরের বিভিন্ন স্থান থেকে পৃথক র্যালি বের করা হয়। পরে র্যালিগুলো জেলা প্রেস ক্লাবের সামনে সমবেত হয়। দলীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে মশিউর রহমান মশু ও শাহাবুদ্দিন রিপনের নেতৃত্বাধীন জেলা যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়। এরপর নতুন আহ্বায়ক কমিটি কিংবা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না করায় নেতৃত্বপ্রত্যাশী নেতারা বিচ্ছিন্নভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন। এর ধারাবাহিকতায় প্রতিষ্ঠাবার্ষিকীতেও একক কর্মসূচির বদলে ছয়টি পৃথক র্যালি বের হয়। মঙ্গলবার বড় স্টেশন এলাকা থেকে সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি পদপ্রার্থী শাহাবুদ্দিন রিপনের নেতৃত্বে, মোক্তারপাড়া থেকে সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্নার নেতৃত্বে এবং কেডিসি এলাকা থেকে সভাপতি পদপ্রার্থী হাসনাত হাসান সৈকতের নেতৃত্বে র্যালি বের করা হয়। এছাড়া কুরপাড় থেকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী সৈয়দ আজহারুল ইসলাম কমল, পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণ থেকে ফারদিন চৌধুরী রিমি এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সুজন চৌধুরীর নেতৃত্বে পৃথক র্যালি বের হয়। র্যালিগুলো শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
