সিরাজগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল
চার পুলিশ সদস্য প্রত্যাহার
Advertisement
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিরাজগঞ্জের মহাসড়কে পুলিশভ্যানের সামনে দিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল করার ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে যমুনা সেতু পশ্চিম থানার একজন এএসআইসহ ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সদস্যরা হলেন- যমুনা সেতু পশ্চিম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, গাড়িচালক কনস্টেবল আব্দুল গফুর, কনস্টেবল মোরশেদুল ইসলাম ও নাসিমুজ্জামান। বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সানতু এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভিডিওতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিক্ষোভ মিছিলের সময় পুলিশভ্যান দেখা গেছে। এ ঘটনায় কোনো পুলিশ সদস্যের অবহেলা রয়েছে কিনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে ভ্যানে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে, বুধবার ভোরে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ টহল পুলিশের গাড়ির সামনে দিয়ে একটি ঝটিকা মিছিল করে। মিছিল শেষে শেখ হাসিনাসহ দলটির নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদের একটি ভিডিও আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ফেসবুক অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে। এদিকে মিছিলের পর বুধবার রাতে সিরাজগঞ্জ ও কামারখন্দ থানা পুলিশ অভিযান চালিয়ে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করে।
