মাতব্বরদের কাণ্ড
লাকসামে দেড় বছর সমাজচ্যুত পরিবার
Advertisement
লাকসাম-মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
লাকসামে জমি নিয়ে বিরোধে গ্রাম্য সালিশের সিদ্ধান্ত গ্রহণ না করায় একটি পরিবারকে প্রায় দেড় বছর ধরে সমাজচ্যুত (একঘরে) করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় মাতব্বরদের বিরুদ্ধে। কেবল একঘরে করাই নয়, ভুক্তভোগী পরিবারের সদস্যদের স্থানীয় মসজিদ, ধর্মীয়, সমাজের বিভিন্ন অনুষ্ঠানের ওপরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া যতই দিন যাচ্ছে, ততই ওই পরিবারকে গ্রামের সবকিছু থেকে বিরত রাখার জন্য গ্রামের কতিপয় মাতব্বর প্রতিনিয়তই জারি করছেন নতুন নতুন নিয়ম-কানুন। এতে অসহায় হয়ে পড়েছেন ওই পরিবারের সদস্যরা।
আধুনিক ও গণতান্ত্রিক শাসনব্যবস্থার যুগে এমন সিদ্ধান্তকে মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন হিসাবে দেখছে স্থানীয় সচেতন মহল। ঘটনাটি ঘটেছে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের পুরাতন বাড়িতে। ভুক্তভোগী পরিবারটি ওই গ্রামের আমেরিকান প্রবাসী মোস্তফা কামাল জিতুর। তার চার ছেলে-এরশাদ, রাশেদ, সাদেক ও শামীম।
এদের মধ্যে রাশেদ মারা গেছে, বর্তমানে চরম নিরাপত্তা ও সামাজিক বিচ্ছিন্নতার মধ্যে দিন কাটাচ্ছে তাদের পরিবার। ওই গ্রামের মাতব্বর খোকন মিয়া বলেন, পুকুরের পথের জায়গা নিয়ে বিরোধ। দীর্ঘদিন পাড় ভেঙে যাওয়ার কারণে মানুষ কবরস্থান ও কৃষিজমিতে যেতে পারে না। এ জন্য মোস্তফা কামাল জিতুর কাছে পথের একটু জায়গা চেয়েছিল বাড়ির লোকজন। কিন্তু তিনি সমাজ প্রতিনিধির কথা রাখেননি। তাই সমাজের মাতব্বররা এ সিদ্ধান্ত দেন।
