পাথর অপসারণে অস্ত্রোপচার, প্রাণ গেল ব্যবসায়ীর
Advertisement
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বড়াইগ্রামে পিত্তথলির পাথর অপসারণে অস্ত্রোপচারের পর অতিরিক্ত রক্তক্ষরণে আলাউদ্দিন আহমেদ নামে এক রোগীর মৃত্যু হয়েছে। রোববার ভোর ৩টার দিকে বনপাড়া বেসরকারি আমিনা হাসপাতালে এ ঘটনা ঘটে। ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলা ও যথাযথ তত্ত্বাবধানের অভাবে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। নিহত আলাউদ্দিন কুমরুল গ্রামের ইদু প্রামাণিকের ছেলে। তিনি বনপাড়া বাজারের বস্ত্র ব্যবসায়ী ছিলেন। জানা গেছে, শনিবার বিকালে পিত্তথলির পাথর অপসারণের জন্য আলাউদ্দিনকে আমিনা হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় পাশের গুরুদাসপুর উপজেলা থেকে এসে চিকিৎসক ডা. আল রাজী সুমন তার ল্যাপারোস্কোপিক অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের কিছুক্ষণ পর থেকেই তার প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। দীর্ঘ সময়েও রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে ভোরে তার মৃত্যু হয়। নিহতের ভাতিজা সাদেকুল ইসলাম অভিযোগ করেন, অস্ত্রোপচারের পর হাসপাতালে ভালো মানের চিকিৎসক না থাকায় রোগীর যথাযথ ফলোআপ হয়নি। বারবার জানানোর পরও রক্তক্ষরণ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। চিকিৎসক ডা. আল রাজী সুমন বলেন, তিনি সঠিকভাবে অস্ত্রোপচার করে চলে গেছেন। পরে অবস্থার অবনতি হলেও তাকে জানানো হয়নি। হাসপাতালের স্বত্বাধিকারী ডা. আনসারুল হক বলেন, চিকিৎসক অস্ত্রোপচার করেছেন। কী কারণে এমন হয়েছে, তা তিনিই বলতে পারবেন।
