রায়পুর অনুমতি ছাড়াই ৩টি পুকুর ভরাট
পৌর কর্তৃপক্ষের নোটিশেও কাজ হচ্ছে না
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রশাসনের অনুমতি না নিয়েই রায়পুর ও চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পৌরসভা কার্যালয়ের ৫০০ গজ দূরে লেংড়া বাজার মোড়ে একটি পুকুর ভরাটের কাজ চলছে। এছাড়া পৌরসভার মধুপুর ও দেনায়েতপুর এলাকায় আরও দুটি পুকুর ভরাট করা হচ্ছে। গত ১৫ দিন ধরে ট্রাক্টরে করে মাটি এনে পৃথক পুকুরগুলো মাটি দিয়ে ভরাট হচ্ছে। ইতোমধ্যে এ তিনটি পুকুরের এক-চতুর্থাংশ জায়গা ভরাট হয়ে গেছে। বৃহস্পতিবার সরেজমিন রায়পুর পৌরসভার ৭নং ওয়ার্ডের লেংড়া বাজারে গিয়ে দেখা যায়, জামে মসজিদের পাশে পুকুরটি অবস্থিত। কামাল হোসেন গংয়ের বিরুদ্ধে পুকুরটি ভরাট করার অভিযোগ পাওয়া গেছে। গত ১৫ দিন ধরে পৌরসভার ৫নং ওয়ার্ডে জনতা বাজার সংলগ্ন মধুপুর গ্রামে রায়পুর ও লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে পুকুরটি ভরাট করছে পৌরসভার সাবেক কাউন্সিলর আ.লীগ নেতা জাকির হোসেন নোমান। রায়পুর পৌরসভার ৭নং ওয়ার্ডের দেনায়েতপুর গ্রামের বিএনপির কর্মী জহির হোসেন রাস্তার পাশের পুকুরটি গত ১০ দিন ধরে বালু দিয়ে ভরাট করে ফেলছেন। তবে অভিযুক্ত তিন ব্যক্তিই দাবি করেছেন তাদের পুকুরের জমির কিছু অংশ ব্যক্তি মালিকানার এবং কিছু অংশ অর্পিত সম্পত্তির। নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার দুই কর্মকর্তা বলেন, তিন প্রভাবশালী ব্যক্তিকে চিঠি দিয়ে কাজ বন্ধ রাখতে বললেও তারা কর্ণপাত করছেন না। রায়পুর পৌরসভার প্রশাসক (ইউএনও) আজিজুন্নাহার বলেন, অভিযোগ পেয়ে বুধবার পুকুর ভরাট না করতে এবং তিন কার্যদিবসের মধ্যে সব কাগজপত্র নিয়ে কার্যালয়ে দেখা করতে পৃথকভাবে তিন ব্যক্তিকে লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
