ভালুকায় নারীকে হত্যার পর সুতিয়া নদীতে নিক্ষেপ
মোরেলগঞ্জ গৌরনদী ও লামায় ৩ লাশ উদ্ধার
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভালুকায় নারীকে হত্যার পর লাশ নদীতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। মোরেলগঞ্জে স্কুলছাত্রী, গৌরনদীতে মাদ্রাসাছাত্রী ও লামায় বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুগান্তর প্রতিনিধিরা জানান, ময়মনসিংহের ভালুকায় নারীকে হত্যার পর লাশ নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার উপজেলার উড়হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সুতিয়া নদী থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। মুখমণ্ডল বিকৃত থাকায় ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে ওই নারীকে হত্যার পর নদীতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এসআই ফজল জানান, ময়নাতদন্তের পর ওই নারীর মৃত্যুর কারণ জানা যাবে। বাগেরহাটের মোরেলগঞ্জে হাবিবা নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত হাবিবা গাবতলা গ্রামের ব্যবসায়ী মোশারেফ হোসেনের মেয়ে এবং মোরেলগঞ্জ সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। ওসি মো. শহিদুল্লাহ জানান, ওই ছাত্রীর লাশ মর্গে পাঠানো হয়েছে। বরিশালের গৌরনদীতে জান্নাতুল খানম জান্নাত (১৩) নামে এক মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। নিহত জান্নাতুল বার্থী ইউনিয়নের দক্ষিণ কটকস্থল গ্রামের ইতালি প্রবাসী কামাল সরদারের মেয়ে। সে সুন্দরদী গাউছিয়া আবেদিয়া সুন্নীয়া ফাজিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
ওসি তারিক হাসান রাসেল জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। বান্দরবানের লামায় মাতামুহুরি নদী থেকে মংচেসা মারমা (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার গজালিয়া ইউনিয়নের মাতামুহুরি নদীর মিনঝিরি এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত মংচেসা মারমা মিজঝিরি পাড়ার বাসিন্দা মৃত পাইংসাউ মার্মার ছেলে। ওসি মোহাম্মদ কাইছার হামিদ জানান, ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। হাতি তাড়ানোর জন্য বসানো বৈদ্যতিক ফাঁদ পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
