মধুমতির ভাঙনে কাশিয়ানীতে বিলীন হচ্ছে ফসলি জমি
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পাংখারচর গ্রামের বাসিন্দা জামাল হোসেন। নিজের তিন ও অন্যের চার বিঘা জমি বর্গা নিয়ে চাষাবাদ করতেন। সাত বিঘা জমির ওপর নির্ভর করেই চলতো তার সংসার। কিন্তু মধুমতি নদীর ভাঙনে চার বিঘা জমি হারিয়ে গেছে। বাকি জমিটুকুও নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন তিনি। শুধু জামাল সরদারই নন, কাশিয়ানীর ফুকরা ইউনিয়নের পাংখারচর এলাকায় মধুমতি নদীর ভাঙনে অসংখ্য কৃষক জমি হারিয়েছেন। এখনও জমি হারানোর শঙ্কায় রয়েছেন কয়েকশ’ কৃষক। সরেজমিন দেখা যায়, উপজেলার পাংখারচর এলাকায় মধুমতি নদীতে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এতে প্রায় ৩০ বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফসলি জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন অনেক কৃষক। ভাঙনের মুখে রয়েছে আরও শত শত বিঘা ফসলি জমি, রাস্তা-ঘাট ও বসতবাড়ি। এসব জমিতে বোরো ধান, আমন ধান, আবার কোথাও আখসহ বিভিন্ন ফসলের আবাদ রয়েছে। ভাঙন অব্যাহত থাকায় শঙ্কিত স্থানীয় কৃষকরা। কৃষক আমিনুর রহমান বলেন, ভাঙন রোধ করা না গেলে আমাদের শেষ সম্বলটুকুও রক্ষা করতে পারব না। মধুমতি নদী ধীরে ধীরে আমাদের সব জমি গ্রাস করে নিচ্ছে। এভাবে ভাঙন অব্যাহত থাকলে অনেক কৃষককে পথে বসতে হবে। জমি হারালে আমাদের আর বেঁচে থাকার কোনো অবলম্বন থাকবে না। পাউবোর উপসহকারী প্রকৌশলী হাসান আহমেদ বলেন, বিষয়টি আমাদের জানা নেই এবং এ বছর পর্যাপ্ত বরাদ্দও নেই। আগামীতে বরাদ্দ পেলে ভাঙনকবলিত এলাকায় ব্যবস্থা গ্রহণ করা হবে।
