টাকা চুরির অপবাদ
ছাগলনাইয়ায় নারীকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয় লাশ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নের সত্যনগর গ্রামের তালতলা এলাকায় আমেনা বেগম (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। রোববার সকালে স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আমেনা উপজেলার নিজপানুয়া গ্রামের আবদুল হাইয়ের মেয়ে ও আবু রসুলের দ্বিতীয় স্ত্রী। ঘটনার পর থেকে আবু রসুলের প্রথম সংসারের ছেলে ও ছেলের বউ পালিয়ে গেছে। পরিবারের অভিযোগ, টাকা চুরির অপবাদ দিয়ে আমেনাকে নির্যাতন ও অপদস্থ করা হয়। একপর্যায়ে তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেছেন স্বজনরা। এ ঘটনায় আমেনার ভাই মোহাম্মদ রিপন ছাগলনাইয়া থানায় লিখিত অভিযোগও দিয়েছেন। আমেনার মামা দেলোয়ার হোসেন জানান, প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর প্রায় ছয় বছর আগে পারিবারিকভাবে আবু রসুলের সঙ্গে আমেনার বিয়ে হয়। আবু রসুলের প্রথম স্ত্রীর মৃত্যুর পর তার সন্তানদের সম্মতিতেই এ বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই আমেনাকে নানা কারণে অপমান-অপদস্থ করা হতো। এ নিয়ে একাধিকবার পারিবারিক বৈঠক হলেও স্বামী ও তার সন্তানদের আচরণের পরিবর্তন হয়নি। শনিবার রাতে ঘর থেকে টাকা হারানোর ঘটনায় আমেনার বিরুদ্ধে চুরির অপবাদ দেওয়া হয়। এ সময় স্বামী, ছেলে ও ছেলের বউ তাকে বকাঝকা ও অপদস্থ করেন। আমেনার স্বামী আবু রসুলের দাবি, প্রায়ই তার পকেট থেকে টাকা হারিয়ে যেত। এ নিয়ে শনিবার রাতে আমেনাকে বকাঝকা করা হয়। পরে তিনি ঘুমিয়ে পড়েন। ফজরের নামাজ শেষে ঘরে ফিরে আমেনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় ঘরে থাকা ছেলে ও ছেলের বউকে আর পাওয়া যায়নি। ওসি মোহাম্মদ আবু তাহের জানান, ওই নারীর লাশ মর্গে পাঠানো হয়েছে।
